খাশোগি হত্যাকাণ্ড ভালোভাবে ধামাচাপা দিতে পারেনি সৌদি আরব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, খাশোগি হত্যাকাণ্ড ঠিকমতো ধামাচাপা দিতে পারেনি সৌদি আরব। মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
 
ট্রাম্প বলেন, ‘খুবই বাজে একটা আইডিয়া নিয়ে তারা  (সৌদি কর্মকর্তা) কাজটি করেছে। আইডিয়ার বাস্তবায়নও বাজে হয়েছে। খাশোগির লাশ গুম করার ঘটনাটি ধামাচাপা দেয়ার ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট।’
 
তুর্কি বাগদত্তার সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর নিখোঁজ হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। ১৯ অক্টোবর  সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
IMG0
 
সৌদি আরবের দাবি,  এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান আহমদ আল আসিরি ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অন্যতম দেহরক্ষি সৌদ আল কাতানিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে।
 
তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন। মঙ্গলবার তুর্কি সংসদে দেয়া ভাষণেও হত্যার পেছনে থাকা ব্যক্তিদের চিহ্নিত করতে আন্তর্জাতিক তদন্তের দাবি জানান তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তবে যুবরাজ জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।
 
ইত্তেফাক/টিএস