ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে বাঁশখালী আদালতে মামলা দায়ের করেছেন পূজা উদযাপন পরিষদের স্থানীয় নেতা স্বপন কুমার দাশ। বুধবার বাঁশখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করা হয়।
বাদীর আইনজীবী নুরুল আবসার জানিয়েছেন, মামলায় দণ্ডবিধির ২৯৮ ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আগামী ৩ ডিসেম্বরের মধ্যে তদন্ত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী স্বপন দাশের অভিযোগ, সম্প্রতি বাঁশখালীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন মাহমুদুল ইসলাম। এ সময় তিনি বক্তব্যও রাখেন। ১৮ অক্টোবর মহানবমীর দিন বৈলছড়ি ইউনিয়নের শিলপাড়া মণ্ডপ পরিদর্শনে গিয়ে মাহমুদুল ইসলাম তার বক্তব্যে এক মন্তব্যের মাধ্যমে সনাতন সম্প্রদায়ের মানুষের অনুভূতিতে আঘাত দেন।
এ বিষয়ে মাহমুদুল ইসলাম চৌধুরীর কাছে জানতে তিনি ইত্তেফাককে বলেন, ওই বাক্য আমি খুবই পজিটিভলি বলেছি। আমি কী বলেছি সেটার ভিডিও আছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষরা এটা নিয়ে ঝামেলা করছে। যিনি বাদী হয়েছেন তার বাড়ি ওই মণ্ডপ থেকে অনেক দূরে। ওই মণ্ডপের সংশ্লিষ্টরা তো বিষয়টা পজিটিভলি নিয়েছেন।
ইত্তেফাক/জেডএইচ