ঘিওরে কৃষককে পিটিয়ে হত্যা, আটক ৪

মানিকগঞ্জের ঘিওরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হালিম মিয়া (৪৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পয়লা ইউনিয়নের ভাকন্ড গ্রামে এ ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
 
নিহত হালিম ওই গ্রামের আনছের শেখের ছেলে।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৭ শতাংশ জমি নিয়ে স্থানীয় রশিদ মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে হালিমের বিরোধ চলছিল। বুধবার সকালে হালিম তার নিজ জমিতে গেলে রশিদ ও কয়েকজন হালিমকে পিটিয়ে গুরুতর আহত করে। হালিমের আত্মচিৎকারে স্বজনরা এগিয়ে এলে রশিদরা পলিয়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে হালিমের ওপর হামলা করে হামলাকারীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে রশিদ, হাসনা, আক্তার ও জয়নালকে আটক করে পুলিশ।
 
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ