কক্সবাজারের লিংক রোড এলাকা থেকে আবারও ইয়াবা জব্দ করেছে র্যাব সদস্যরা। বুধবার ৮২ হাজার পিস ইয়াবাসহ চার পাচারকারীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মো. লোকমান (২২), মো. মেহেদি (৩০), মো. লিটন (৩৪) ও মো. সুমন (৩১)। তাদের প্রত্যেকের বাড়ি কুমিল্লা জেলায়।
র্যাব-৭ এর কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল অভিযানে নামে। এসময় তল্লাশিকালে একটি প্রাইভেটকার ও একটি মিনি ট্রাক থেকে ৮২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য চার কোটি ২০ লাখ টাকা।
তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা, গাড়ি ও আটকদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর সকালে কক্সবাজার শহরতলীর লিংকরোডস্থ বিসিক এলাকা থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করে র্যাব। এসময় রোহিঙ্গাসহ তিনজনকে আটক করে এবং ইয়াবা পাচারে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটক ব্যক্তি হলেন, মো. জোহর (৩৫), মো. বেলাল (২২) ও মো. ছদরুল আমিন (২১)। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানায় র্যাব।
ইত্তেফাক/জেডএইচ