আড়াইহাজারে সন্ত্রাসীদের হামলায় দৈনিক আমার সংবাদ পত্রিকার সাংবাদিক শাহজাহান কবিরসহ তার পরিবারের ৬ জন গুরুতর আহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ছোট বিনাইরচর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৪ জন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয়েছেন।
সাংবাদিক শাহজাহান কবির জানান, রবিবার সকালে ছোট ভাই ব্রাহ্মন্দী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-আমিন (২৭) পারিবারিক কাজে একই গ্রামে তার চাচা মারফত আলীর বাড়িতে অবস্থান করছিল। এ সময় পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী বারেক, আলম, মানিক, রতন, আশরাফুল, শরীফুল, নাঈম গং আল-আমিনের উপর হামলা চালায় এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এই খবর পেয়ে সাংবাদিক শাহজাহান কবির ও তার পরিবারের অন্যান্য লোকজন আল-আমিনকে বাঁচাতে ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা কবির, তার মা খাতিমুন বেগম, ভাই রাসেল, ফুপাতো ভাই সাদেক এবং চাচাতো ভাই আক্তার হোসেনকে কুপিয়ে এবং কবিরের বোন ফারহানা আক্তার রুমাকে পিটিয়ে গুরুতর জখম করে। এ ব্যাপারে শাহজাহান কবির বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে তাদের শাস্তি দাবি করেছেন আড়াইহাজার থানা প্রেসক্লাব সভাপতি মাসুম বিল্লাহ ও সম্পাদক মজিবুর রহমানসহ স্থানীয় সকল সাংবাদিক।