১০ টাকা নিয়ে হাতাহাতিতে ব্যস্ত চালক, চাকায় পিষ্ট হলো শিশু

১০ টাকা বাড়তি টোল দিতে অস্বীকৃতি জানিয়ে চলন্ত গাড়িতেই টোল আদায়কারীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে চালক। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারালে হিউম্যান হলারের চাকায় পিষ্ট হয়ে মারা গেল সাব্বির (৪) নামে এক শিশু।
 
বুধবার সকাল ১১টার দিকে বগুড়ার সারিয়াকান্দি-কুতুবপুর রাস্তার বাড়ইপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এদিন সন্ধ্যা সাব্বিরের মামা শাহা আলম বাদী হয়ে চালক ও ২ জন টোল আদায়কারী এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে একটি মামলা করেছেন।
 
নিহত সাব্বির উপজেলা সদরের বাড়ইপাড়া (বাঁধ) এলাকার মুকুল প্রামাণিকের ছেলে।
 
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, ঢাকা ন ১৪-৬৫০৫ নম্বরের একটি হিউম্যান হলার বাড়ইপাড়া টোল আদায় এলাকায় পৌঁছে ১০ টাকা টোল দেয়। টোল আদায়কারীরা আরো ১০টাকা টোল দাবি করলে চালক দ্রুত গতিতে গাড়ি চালায়। টোল আদায়কারী ২ জন হিউম্যান হলারে উঠে গাড়ি থামানোর চেষ্টা করে। কিন্তু চালক বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে যেতে চাইলে টোল আদায়কারীদের সাথে চলন্ত গাড়িতে ধস্তাধস্তি হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে পাশে বন্ধুদের সাথে থাকা সাব্বিরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। লোকজন এসে চালকসহ হিউম্যান হলার আটক করে পুলিশে দেয়। পুলিশ সাব্বিরের লাশ উদ্ধার করে এবং চালক মাহাবুবুর ও হিউম্যান হলার আটক করে থানায় নিয়ে আসে।টোল আদায়কারীরা পালিয়ে যায়।
 
ইত্তেফাক/বিএএফ