রাঙ্গামাটির নানিয়ারর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলায় জড়িত থাকার দায়ে গ্রেপ্তার ৪ জনকে জেল হাজতে প্রেরণ করেছে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
বুধবার বিকালে তাদের গ্রেপ্তারের পর রাঙ্গামাটি আদালতে হাজির করা হলে রাঙ্গামাটি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহেদ তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
কোর্ট পুলিশ পরিদর্শক মো. ইসরাফিন মজুমদার জানান, নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যা মামলার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় কাউখালী জেএসএস সভাপতি সুভাষ চাকমা, চঙ্গরাম দেওয়ান, রীতু চাকমা, জ্যোতি ময় চাকমা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের জেল হাজতে প্রেরণ করে। এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৩০ অক্টোবর।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ জানান, শক্তিমান চাকমা হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রমাণ পাওয়ায় বৃহস্পতিবার রাতে ৩ জনকে এবং আজ বুধবার দুপুরে আরো একজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বুধবার বিকালে রাঙ্গামাটি জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩ মে রাঙ্গামাটির নানিয়ারচরের উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমাকে হত্যা করে দুর্বৃত্তরা। এ হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন রূপণ চাকমা নামে চেয়ারম্যানের সহকারী। এ হত্যা মামলায় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এই হত্যা মামলায় সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ইত্তেফাক/বিএএফ