টাঙ্গাইলের ভূঞাপুরে সোনিয়া ওরফে ভাসানী (১৮) নামে এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে নিকলা দড়িপাড়া এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সোনিয়ার বাবা উপজেলার ভাদুরীরচর গ্রামের কদ্দুস আলী ১৪ বছর আগে মারা যাওয়ার পর তার মা অন্যত্র বিয়ে করে। এরপর থেকে সোনিয়া তার মামার বাড়িতে একই উপজেলার দড়িপাড়া নিকলা গ্রামে বসবাস করতো। বুধবার সোনিয়া মাকে দেখতে ভারই গ্রামে আসে। এরপর বৃহস্পতিবার সকালে নিকলা দড়িপাড়া এলাকায় স্থানীয় তার লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে।
সোনিয়ার মা অজুফা খাতুন জানান, মেয়ে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া শেষে সন্ধ্যায় তার মামার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। সকালে জানতে পারলাম তার লাশ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
ভূঞাপুর অফিসার ইনচার্জ আব্দুছ ছালাম মিয়া জানান, লাশ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণ বা হত্যা করা হয়েছে কিনা সেটি ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে।
ইত্তেফাক/ইউবি