লালমনিরহাটের পাটগ্রামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। দুই সন্তানের জননী এ গৃহবধূর নাম হিরা বেগম (৩২)। বৃহস্পতিবার ভোরে নিজ শয়নঘরের আড়ার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। তার বাড়ি পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মমিনপুর গ্রামে। ঢাকায় বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরীরত তার স্বামীর নাম রেজাউল ইসলাম।
জোংড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মানিক হোসেন জানান, প্রতিদিনের মতো দুই সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমান হিরা বেগম। ভোরে সন্তানদের কান্নার শব্দে শ্বশুর আব্দুল হামিদ ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে দরোজা ভেঙে ঘরে প্রবেশ করে ছেলের বউ হিরাকে ঝুলন্ত দেখে। পরে স্থানীয়দের সহায়তায় চিকিৎসা চেষ্টার আগেই মৃত্যু হয় হিরার। হিরা বেগমের বাবার বাড়ি শরিয়তপুর।
পাটগ্রাম থানার তদন্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, ময়না তদন্তের জন্য লাশ লালমনিরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। হিরা বেগমের শ্বশুর বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
ইত্তেফাক/নূহু