বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশানের বহির্গমন সিল জাল করে ভারতে যাওয়ার সময় পরান (২৮) নামে এক বাংলাদেশী পাসপোর্টধারীকে আটক করেছে পুলিশ। আটক পরান কুমিল্লা জেলার জঙ্গলপুর গ্রামের আবু হুসাইনের ছেলে। তার পাসপোর্ট নং-বি ডাবলিও-০৭৪২১৯৭।
ইমিগ্রেশান পুলিশ জানায়, আটক যাত্রী বুধবার সকালের দিকে ভারতে যাওয়ার জন্য ইমিগ্রেশানে আসে। এ সময় ঢাকা এয়ারপোর্ট থানায় তার নামে কালো তালিকা থাকায় এখান থেকে ফেরত পাঠানো হয়। পরে আবার সকাল সাড়ে নয়টার দিকে পরানকে বহির্গমন চেকিং পয়েন্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট আটক করে পুলিশ। দালালচক্র তার পাসপোর্টে বহির্গমন সিল জাল করে ভারতে পাঠানোর চেষ্ঠা করছিল।
এ দিকে আটক পরান জানান, ইমিগ্রেশান থেকে তাকে ফেরত দেওয়ার পর ঢাকা ফিরে যাচ্ছিল। কিন্তু চেকপোস্ট থেকে ঢাকায় রওনা হওয়ার সময় জামাল এবং ঝন্টু নামে ২ জন পাসপোর্ট দালাল তার কাছ থেকে ৩ হাজার টাকা নিয়ে এ জাল সিল মেরে দিয়েছে। প্রথমে বুঝতে না পারলেও ধরা পরার পর জানলাম এটি জাল সিল।
বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশানের ওসি আবুল বাশার জানান, ইমিগ্রেশানের বহির্গমন সিল জাল করে ভারতে যাওয়ার অপরাধে তাকে আটক করে বুধবার রাতেই বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
এ মামলার তদন্তকারী অফিসার পোর্ট থানার এস.আই. মনিরুল ইসলাম জানান, তদন্ত করে দেখা হচ্ছে এ ঘটনার সঙ্গে কোন পাসপোর্ট দালাল জড়িত। জাল সিল তৈরির সঙ্গে কারা জড়িত। তদন্ত সাপেক্ষ দোষীদের আইনের আওতায় আনা হবে।
ইত্তেফাক/নূহু