গাইবান্ধায় যৌন নির্যাতনের অভিযোগে মামলা

গাইবান্ধার সদর উপজেলায় রবিদাস সম্প্রদায়ের এক পরিবারের ৭ বছরের দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার রাতে গাইবান্ধা সদর থানায় মামলাটি দায়ের করা হয়।
 
নির্যাতনের শিকার দুই শিশু দ্বিতীয় শ্রেণির ছাত্রী। তারা গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
 
এদিকে, ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নুরুন্নবী মিয়া (৬০) ও তার ছেলে জহির মিয়া।
 
পুলিশ ও নির্যাতিত শিশুদের অভিভাবকরা জানান, বুধবার দুপুরে বাড়ির পাশে শিশু দুটি খেলা করতেছিলো। এ সময় সদর উপজেলার চকমারোজপুর গ্রামের নুরুন্নবী মিয়া তার দোকান ঝাড়– দেওয়ার কথা বলে তাদেরকে ডেকে নিয়ে যায়। পরে সেখানে (দোকানের ভেতরে) নুরুন্নবী তাদেরকে যৌন নির্যাতন করে। শিশু দু’টি বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 
শিশু দু'টির পরিবারের অভিযোগ, হাসপাতালে ভর্তির পর থেকে অভিযুক্ত নুরুন্নবীর ছেলে জহির তাদের ভয়ভীতি দেখায় এবং হাসপাতাল থেকে তাদের সরানোর চেষ্টা করে। পরে ওই রাতেই বাবা ও ছেলেকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়।
 
গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহিনুল ইসলাম জানান, নির্যাতিত শিশুদের শারীরিক অবস্থা এখন ভালো। 
 
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. শাহরিয়ার জানান, আসামিদের গ্রেপ্তাররে  অভিযান চালানো হচ্ছে। 
 
ইত্তেফাক/বিএএফ