রসিক কাউন্সিলর লিটন ২ দিনের রিমান্ডে

রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার ব্যবসায়ী লেবু মিয়া হত্যার প্রধান আসামি রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে রংপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল আদালতে ডিবি পুলিশের ওসি (উত্তর) শরিফুল ইসলাম আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আরিফা ইয়াসমিন মুক্তা ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
প্রসঙ্গত, চলতি বছরের ১৪ জুন রাতে ইট ভাটার ব্যবসাকে কেন্দ্র করে পাগলাপীরের মহাদেবপুর গান্ডারপাড়া গ্রামের ব্যবসায়ী লেবু মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটনের মাইক্রোবাসে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে লাশটি পার্শ্ববর্তী মমিনপুর ইউনিয়নের মহেশপুর সড়কের পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে ওই রাতেই লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত লেবু মিয়ার ভাই নজরুল ইসলাম বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ডাকাত বেলাল ও তার সহযোগী মমিদুল ইসলামকে গ্রেপ্তার করে। এরই মধ্যে বেলাল ডাকাত পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে মারা যায়। কিন্তু মমিদুল ইসলাম আদালতে দেয়া স্বীকারোক্তিতে হত্যার পরিকল্পনাকারী ও মূল ঘাতক হিসেবে রংপুর সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটনের নাম উল্লেখ্য করে।
 
কাউন্সিলর মোস্তাফিজুর রহমান লিটন ওই মামলায় হাইকোর্ট থেকে জামিন নিয়েছিল। জামিনের মেয়াদ শেষ হলে ১৬ অক্টোবর মঙ্গলবার আদালতে হাজির হয়ে আবারো জামিনের প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
 
ইত্তেফাক/বিএএফ