ডাকযোগে সন্দেহজনক বিস্ফোরক

গণমাধ্যমকে শত্রুতা বন্ধ করার অনুরোধ জানালেন ট্রাম্প

‘অবিরাম শত্রুতা বন্ধে’ গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ রাজনীতিবিদ ও সংবাদমাধ্যমের ঠিকানায় ডাকযোগে সন্দেহজনক বিস্ফোরক দ্রব্য পাঠানোর ঘটনার পরের দিন তিনি এ আহ্বান জানালেন। সোমবার ধনকুবের ব্যবসায়ী জর্জ সরোসের বাড়ির মেইল বক্সে পাইপ বোমা পাওয়া যায়। এর  দুদিন পর বুধবার নিউ ইয়র্ক সিটিতে হিলারি ও বিল ক্লিনটনের বাড়ির ঠিকানায় এবং ওয়াশিংটন ডিসিতে ওবামার বাড়ির ঠিকানায় পাঠানো পার্সেল পরীক্ষা করে পাইপ বোমা পাওয়া যায়। অবশ্য এগুলোর কোনোটিই বিস্ফোরিত হয়নি। এসব ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে মার্কিন গোয়েন্দারা।
 
বুধবার রাতে উইসকনসিনে এক সমাবেশে ট্রাম্প এসব বিস্ফোরক পাঠানোর সঙ্গে জড়িতদের শিগগিরই আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দেন। অনেক মিডিয়া এসব ঘটনাকে ট্রাম্প সরকারের ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করেছে। একারণে তিনি ক্ষুব্ধ হয়ে গণমাধ্যমের উদ্দেশে বলেন ‘আপনারা ধারাবাহিকভাবে নেতিবাচক এবং মিথ্যা গল্প বানিয়ে চলেছেন। এসব বন্ধ করুন।’ জনজীবনে আরো শিষ্টাচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা রাজনৈতিক অঙ্গনে জড়িত তাদের অবশ্যই রাজনৈতিক প্রতিপক্ষকে নীতিহীন বিবেচনা করা বন্ধ করতে হবে। অসতর্কভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে খলনায়ক বানানো উচিত হবে না।’
 
ইত্তেফাক/আরকেজি