সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ‘ফরহাতুন নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন’ নামে একটি দাতব্য চিকিৎসালয়ের উদ্বোধন করা হয়েছে।
আজ শুক্রবার সকাল ১১টায় এর উদ্বোধন করেন সাভারের গেন্ডাগ্রামের ৯নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. আইনাল হক। এ সময় উপস্থিত ছিলেন ফরহাতুন নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফরহাতুন নূর, নির্বাহী পরিচালক হাবিব ওয়াহিদ, এলাকাবাসী ও গণ্যমান্য লোকজন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে এমন একটি চিকিৎসালয়ের চিন্তা আমাদের মনে ছিল। আজ তা বাস্তবে দেখতে পাচ্ছি। আর এই ফাউন্ডেশন থেকে সুবিধাবঞ্চিত মানুষ ও অসহায়-অক্ষমরা সহায়তা পাবেন।
তারা আরও বলেন, এই প্রতিষ্ঠানের প্রতি শুভকামনা রইল। এই ফাউন্ডেশন থেকে আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
IMG0
ফরহাতুন নূর ওয়েল ফেয়ার ফাউন্ডেশন কর্তৃৃপক্ষ জানায়, সুবিধাবঞ্চিত জনসাধারণের জন্য এখন বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা এবং এলাকার অসহায় নারীদের আত্মনির্ভরশীলের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। ভবিষ্যতে বিনা অর্থে সেবা দেওয়ার পাশাপাশি কর্মক্ষম মানুষদের কাছ থেকে চিকিৎসার ব্যয় নেওয়া হবে। এখন একতলা ভবন থেকে শুরু হয়েছে। পরে ২য় তলা ভবনে কার্য সম্প্রসারণ করা হবে।
প্রথমদিন থেকে রোগী দেখা শুরু হয়েছে। প্রতি বুধ ও শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে রোগী দেখা হবে বলেও জানিয়েছেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিব ওয়াহিদ।
ইত্তেফাক/এমআই