নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, ইলেকট্রনিকস ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ প্রক্রিয়া অত্যন্ত স্বচ্ছ ও আস্থার। তাই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাইলে ইভিএম পদ্ধতিকেই বেছে নিতে হবে। কারণ ইভিএম পদ্ধতিতে ভোট চুরির কিংবা জাল ভোট প্রদানের কোনো সুযোগ নেই।
শনিবার দুপুরে ফরিদপুরের কবি জসিম উদদীন হলে আয়োজিত ইভিএম ও ভোটিং ব্যবস্থা প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে সেনা মোতায়েনের কোনো চিন্তাভাবনা নেই, তবে বিগত দিনের নির্বাচনের দিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন সবগুলো নির্বাচনে সেনা বাহিনী মোতায়েন ছিল। এবারো তফসিল ঘোষণার পর পরিবেশের উপর নির্ভর করবে সেনা মোতায়েন করা হবে কিনা।
তিনি বলেন, নির্বাচনের দিন তারিখ এখনো ঠিক না হলেও এতটুকু বলতে পারি ২৮ জানুয়ারির ভিতর নির্বাচন অনুষ্ঠিত করার বাধ্যবাধকতা রয়েছে আমাদের।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়ার সভাপতিত্বে নির্বাচন কমিশনের পরিচালক (প্রশিক্ষণ) ফরহাদ হোসেন, পুলিশ সুপার মো. জাকির হোসেন খাঁন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আলাউদ্দিন বক্তব্য রাখেন। পরে কমিশনারসহ অন্যান্য অতিথিবৃন্দ ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত মক ভোটিং পরিদর্শন করেন।
ইত্তেফাক/এএম