কয়েকটি গ্রামের মানুষের যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

গাইবান্ধার সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের খামার পবনতাইড় ও পবনতাইড়সহ বিভিন্ন গ্রামের গ্রামের কয়েক হাজার মানুষের যাতায়াতের ভরসা একমাত্র বাশেঁর সাঁকো। পানি উন্নয়ন বোর্ডের খননকৃত খালের ওপর নয়াপাড়া নামক স্থানে সেতু না থাকায় এলাকাবাসী প্রতিবছর বর্ষা এলে নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করে প্রায় ৪ যুগ ধরে যাতায়াত করে আসছে। সেখানে সেতু হবে বলে প্রতিক্ষার প্রহর গুনছে এলাকাবাসী।
 
স্থানীয় বাসিন্দা ভুক্তভোগী জিল্লুর রহমান জানান, এ উপজেলার সব এলাকায় রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট নির্মাণ হলেও খামার পবনতাইড় ও পবনতাইড় গ্রামের চিত্র ভিন্ন। রাস্তা পাকাকরণ ও সেতু না থাকার কারণে এ এলাকার লোকজনকে এখনও পায়ে হেঁটে যাতায়াত ও মাথায় করে তাদের উৎপাদিত কৃষিপণ্যসহ বিভিন্ন পণ্য হাট-বাজারে আনা নেওয়া করতে হয়। 
এছাড়া স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন অফিসের লোকজন ও রোগীদের চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। 
 
লোকজন পারাপারের জন্য প্রতিবারের ন্যায় এবারও নিজেদের উদ্যোগে ১৫ হাজার টাকা ব্যায়ে বাঁশের সাঁকো তৈরি করেছে।
 
স্থানীয় ইউপি সদস্য জানান, সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে কয়েক দফা কথা বলা হয়েছে। সাঘাটা উপজেলা প্রকৌশলী ছাবিউল ইসলামের সঙ্গে এ ব্যাপারে কথা হলে তিনি জানান, রাস্তাটি স্থানীয় সরকার অধিদপ্তরের অধীনে না হওয়ায় এ রাস্তায় খালের ওপর সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে না।
 
ইত্তেফাক/নূহু