চিলমারীর উপজেলার মাহবুবার রহমান বাপ্পা ট্যাংকে পানি সঞ্চয় নিয়ন্ত্রণে বৈদ্যুতিক পাম্পের অটো সুইচ উদ্ভাবন করেছেন। এ সুইচের মাধ্যমে ট্যাংকে পানির স্তর নিচে নেমে গেলে পানির পাম্প স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে ট্যাংকে নির্দিষ্ট পরিমান পানি সঞ্চয় করে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়।
মাহবুবার রহমান বাপ্পা চিলমারী উপজেলার ছোট কুষ্টারী এলাকার মৃত আলহাজ্ব কায়ছার আলীর পুত্র। এম.এ. পাশ করে চাকরির পিছনে না ছুটে চিলমারী উপজেলা পরিষদ মোড়ে একটি কম্পিউটারের দোকান দিয়ে সেখানে কাজ করেন বাপ্পা। ট্যাংকে সার্বক্ষণিক পানি মজুদ রাখতে পানি উত্তোলন, পানি ও বিদ্যুতের অপচয় রোধে স্বয়ংক্রিয়ভাবে পাম্প চালু ও বন্ধ করতে পাম্পের অটোসুইচ উদ্ভাবনের চেষ্টা করতে থাকেন। ৪ মাস প্রচেষ্টার পর অটোসুইচ উদ্ভাবন ও সফল ব্যবহারে সক্ষম হন।
তিনি জানান, তার নিজস্ব প্রযুক্তিতে এই সুইচ তৈরি করতে দুটি বৈদ্যুতিক সুইচ, ১টি খালি প্লাস্টিকের বোতল, বৈদ্যুতিক তার, ২টি স্ক্রু, লোহার ছোট চাকতি ও ৩ইঞ্চি বার, প্লাস্টিক টেপ, সুতা ও গামের প্রয়োজন যার মোট খরচ ১৫০টাকা।
তিনি আরো জানান, সহযোগিতা পেলে এ প্রযুক্তি উন্নত করে প্রসারিত করতে পারবো। ইতিমধ্যে তার প্রতিবেশীরা পাম্পের অটোসুইচ দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন।
ইত্তেফাক/নূহু