নানাবাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার কিশোরী

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার আজোয়াটারী গ্রামে ১৪ বছরের এক কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে ধর্ষণের স্বীকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিতা কিশোরী নিজেই বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে শুক্রবার থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে।
 
মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরী গত ১৩ অক্টোবর উপজেলার আজোয়াটারী গ্রামে তার নানা ফরহাদ আলী তালুকদারের বাড়িতে বেড়াতে আসে। নানা বাড়িতে অবস্থানরত অবস্থায় একই গ্রামের আক্কাছ আলীর ছেলে ফরিদুল ইসলাম বিভিন্ন সময় তাকে প্রেমের প্রস্তাব দিত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় সে ধর্ষণের পরিকল্পনা করে। 
 
গত বুধবার রাত ১১টায় ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। তখন আগে থেকে ওৎপেতে থাকা ফরিদুল পেছন থেকে তার মুখ চেপে ধরে বাড়ির পাশে সুপারির বাগানে নিয়ে ধর্ষণ করে। এ সময় ওই কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষক অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায়। 
 
পরে মেয়েটির মামাত ভাই শোয়ার ঘরে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায় সুপারী বাগানে তাকে অচেতন অবস্থায় খুঁজে পেয়ে বাড়িতে নিয়ে আসে।
 
এ বিষয়ে ধর্ষণের শিকার কিশোরী জানায়, আমি নানাবাড়ি আসার পর থেকে ওই ফরিদুল আমাকে দেখামাত্র বিভিন্নভাবে অঙ্গ ভঙ্গিমা দেখায়। আমাকে প্রেমের প্রস্তাব দেয়। কিন্তু আমি রাজি না থাকায় আমার এ সর্বনাশ করেছে সে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
 
এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ফুলবাড়ী থানার এস আই গোলজার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/নূহু