বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুকন্যা: চুমকি

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, শেখ হাসিনার যোগ্য নেতৃত্বের মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে। দেশের ১৬ কোটি মানুষের আস্থা, ভালোবাসা আর সমর্থনে পরিণত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। তাই উন্নয়ন, অগ্রগতি ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় লাল সবুজের নিশানা নিয়ে, আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সিঁড়ি বেয়ে বাংলাদেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাচ্ছে। তিনি শনিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের বৌন্না-রয়েন রাস্তার নির্মান কাজের উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
প্রতিমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ উন্নয়নের বাংলাদেশ। আর এই উন্নয়ন এমনি এমনি হয়নি। ৪২ বছর আগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উন্নয়নের যে মশাল জ্বালিয়ে রেখে গেছেন। উন্নয়নের সেই মশাল তারই সুযোগ্য উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহন করে চলেছেন। আর এজন্য তাকে বারবার মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয়েছে। কিন্তু তার বাবার মতো তিনিও বাংলাদেশের মানুষের কথা ভেবে পিছু হটেননি। শত বাধা উপক্ষো করে এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় যোগ্য নেতৃত্বের মাধ্যমে দেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। আর শেখ হাসিনার উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ বাংলাদেশে পরিণত হবে।
    
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ইউএনও খন্দকার মু. মুশফিকুর রহমান, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান গাজী সরোয়ারসহ উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রতিমন্ত্রী ওইদিন বিকেলে উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বাঙ্গালগাঁও প্রাথমিক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন কাজের উদ্বোধন করেন। 
 
ইত্তেফাক/নূহু