জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর খবর সৌদি আবর নিশ্চিত করায় তিনি ‘গভীরভাবে উদ্বিগ।’ একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনারও দাবি জানিয়েছেন তিনি।
শুক্রবার গুতেরেসের দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘জাতিসংঘ মহাসচিব জামাল খাসোগির মৃত্যুর খবর শুনে গভীরভাবে উদ্বিগ্ন রয়েছেন। তিনি খাসোগির পরিবার ও বন্ধুদের প্রতি তার শোক ও সমবেদনা জানান।’
বিবৃতিতে বলা হয়, ‘মহাসচিব খাসোগির মৃত্যুর ঘটনার দ্রুত ও স্বচ্ছ তদন্তের এবং জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।’
তুর্কি বাগদত্তা হেতিস চেঙ্গিসের সাথে বিয়ের প্রয়োজনীয় কাগজ-পত্র আনতে গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশ করার পর খুন হন ওয়াশিংটন পোস্ট পত্রিকার কলাম লেখক ও স্বেচ্ছা-নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগি। শুরুতে অস্বীকার করলেও ১৯ অক্টোবর সৌদি জানায়, তুরস্কের ইস্তাম্বুল কসন্যুলেটে গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে খাশোগির মৃত্যু হয়। এর দুদিন পরই খাসোগিকে হত্যা করা হয়েছে বলেও স্বীকার করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সৌদি আরবের দাবি, এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গোয়েন্দা সংস্থার উপ-প্রধান এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেহরক্ষিকে বরখাস্ত করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মোট ১৮ জনকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে, খাশোগির খুনের পেছনে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই কলকাঠি নেড়েছেন।
ইত্তেফাক/টিএস