গাজীপুরে বিদ্যুত্স্পৃষ্টে রং মিস্ত্রির মৃত্যু

গাজীপুর সিটি কর্পোরেশনের বরুদা এলাকায় রবিবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে সুমন (৩০) নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। একই ঘটনায় অপর রংমিস্ত্রি হাসিব সরকার হিমেল (২৫) আহত হয়েছে। নিহত সুমন জামালপুরের দেওয়ানগঞ্জ থানা এলাকার আইয়ুব আলীর ছেলে।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: জাকির হোসেন জানান, দুই রংমিস্ত্রি বরুদা এলাকার আজিজুল হকের চারতলা ভবনের সামনের অংশে রংয়ের কাজ করছিলেন। রবিবার সকাল পৌনে ১০টার দিকে ওই ভবনের পাশ দিয়ে যাওয়া হাই ভোল্টের বিদ্যুতের তারের স্পর্শে ওই দুইজন বিদ্যুতায়িত হয়। এসময় সুমন নিচে পড়ে যায়। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যালে নিলে কর্তব্যরত চিকিত্সক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত হিমেলকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।