কুমিল্লায় স্কুলছাত্র মিরণ হত্যা মামলায় ২ জন গ্রেফতার

‘বড় ভাই, ছোট ভাই’ সম্বোধন নিয়ে কথা কাটাকাটির জেরে খুন হয় কুমিল্লা মডার্ন হাই স্কুলের ৮ম শ্রেণির ছাত্র মুমতাহিন হাসান মিরণ। এ ঘটনায় দায়ের করা মামলার দুই আসামি মো. আমিন ও সৌরভ হোসেন পল্টুকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের হালিশহর এলাকা থেকে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আমিন নগরীর ঠাকুরপাড়া এলাকার ফজিলাতুন্নেছা মডার্ন হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। সে জেলার মুরাদনগর উপজেলার পালাসুতা গ্রামের নোয়াব মিয়ার ছেলে। অপর আসামি পল্টু স্কুল থেকে ঝরেপড়া কিশোর ও ঠাকুরপাড়ার আলমগীর হোসেনের ছেলে। 

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা কোতয়ালী থানায় প্রেস ব্রিফিংয়ে ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, গত রবিবার শবে বরাতের রাতে ঠাকুরপাড়া এলাকায় আমিন ও পল্টুসহ তাদের সঙ্গীতরা স্কুলছাত্র মিরণকে ছুরিকাঘাত করে হত্যা করে। এরপর থেকে তারা পলাতক ছিলো। পরে অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তুষার আহমেদ রিয়াদ নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালানোর পর হালিশহর এলাকা থেকে আমিন ও পল্টুকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন: ভূরুঙ্গামারীতে ভুলে ভরা শিশুদের প্রশ্নপত্র

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা মিরণ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। 

ইত্তেফাক/অনি