চট্টগ্রামের জেলারের দুই দিনের রিমান্ড মঞ্জুর

ভৈরব রেলওয়ে থানায় দায়েরকৃত মাদক মামলায় কিশোরগঞ্জ কারাগারে আটক চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সোহেল রানা বিশ্বাসের দুই দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত।
 
সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুরুজ্জামান সরকার আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করলে কিশোরগঞ্জের ২নং জিআর আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল মাহমুদ শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কাঠগড়ায় আসামির উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হয়।
 
গত শুক্রবার দুপুরে ভৈরব রেলওয়ে স্টেশনে মাদক, ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআরের নথিসহ সোহেলকে আটক করে পুলিশ। পরে তার বিরুদ্ধে এসআই আশরাফউদ্দিন ভুঁইয়া বাদী হয়ে ভৈরব রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে দুটি মামলা দায়ের করেন।
 
ভৈরব রেলওয়ে থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য জেলার সোহেল রানা বিশ্বাসকে আগামীকাল মঙ্গলবার (৩০ অক্টোবর) কিশোরগঞ্জ কারাগার থেকে থানায় আনা হবে।
 
ইত্তেফাক/আরকেজি