ব্যবসায়ীর বাড়ি থেকে গৃহপরিচারিকার লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়ি থেকে রোজিনা আক্তার (২৮ ) নামে এ গৃহপরিচারিকার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গোপালদী পৌরসভার বেপারীপাড়া গ্রামে চাউল ব্যবসায়ী মজিবুরের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
নিহত রোজিনা উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা গ্রামের আবু ছিদ্দিকের স্বামী পরিত্যক্তা মেয়ে। সে ৩ মাস ধরে ওই ব্যবসায়ীর বাড়িতে কাজ করে আসছিল।
 
গোপালদী তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ জানান, সোমবার সকালে সংবাদ পেয়ে ওই গ্রামের চাউল ব্যবসায়ী মজিবুরের বাড়ি থেকে গৃহপরিচারিকা রোজিনা আক্তারের লাশ উদ্ধার করা হয়। তিনি গিয়ে প্রথমে লাশটি ডাইনিং রুমে শোয়ানো অবস্থায় দেখতে পান।
 
গৃহকর্তার মজিবুর রহমানের দাবি, আগের দিন ঘটে যাওয়া সামান্য ঝগড়ার কারণে রোজিনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
 
নিহতের স্বজনদের অভিযোগ, রোজিনাকে হত্যা করে লাশ বাথরুমে ঝুলিয়ে রাখা হয়েছে।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক বলেন, ময়না তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না। এখন অপমৃত্যুর মামলা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/বিএএফ