গাজীপুরের কালীগঞ্জে লড়ি চাপায় আমজাদ হোসেন (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার জামালপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার নগরপাড়া মসজিদের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুরের ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান ফারুক মাস্টার।
আমজাদ উপজেলার বড়গাঁও গ্রামের হাছেন আলীর ছেলে। তিনি উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের জনতা জুট মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন।
উপজেলার মোক্তারপুর ইউপি সদস্য আব্দুল হেকিম জানান, আমজাদ সকাল ৬টার দিকে ইজিবাইকযোগে জুট মিলে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিকে থেকে আসা বেপরোয়া গতির একটি লড়ি এসে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কালীগঞ্জ থানার ওসি মো. আবুবকর মিয়া জানান, বিষয়টি তার জানা নেই। সাংবাদিকদের মাধ্যমে জানার পর খবর নেওয়ার জন্য পুলিশ পাঠিয়েছেন। কিন্তু তারা কোন খবর দিতে পারেননি।
ইত্তেফাক/আরকেজি