টঙ্গীতে অজ্ঞাত তরুণী খুন আততায়ী পলাতক

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর গাজীপুরা এলাকায় ভাড়া বাড়িতে এক অজ্ঞাত পরিচয় তরুণীকে (২৫) ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে বাড়ি ভাড়া নেওয়া পুরুষ ব্যক্তি পলাতক রয়েছে। শনিবার রাতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে।

টঙ্গী পশ্চিম থানার এস আই নাজমুল ইসলাম জানান, টঙ্গীর পশ্চিম থানার গাজীপুরা (খরতৈল) এলাকার অলি হোসেনের বাড়ি ৮/১০ দিন আগে পরিবার নিয়ে থাকার কথা বলে ভাড়া নেয় এক ব্যক্তি। দু’দিন আগে এক নারীকে ওই ভাড়া বাসায় নিয়ে আসে সেই ব্যক্তি। শনিবার রাতে আশপাশের লোকজন ভাড়া ঘরের মেঝেতে ওই নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে রাত পৌনে ৯টার দিকে লাশ উদ্ধার করা হয়।

এস আই নাজমুল আরো জানান, নিহত নারীর গলায় এবং পিঠে ধারালো অস্ত্রাঘাতের চিহ্ন রয়েছে। পলাতক ব্যক্তি নিহতের স্বামী না প্রেমিক তা নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।