সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল পানিতে

লালপুর উপজেলার গৌরীপুরে পদ্মা নদীর হাঁটু পানিতে নেমে মোবাইল ফোনে সেলফি তুলতে গিয়ে ডুবতে যাওয়া ২ বন্ধুকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া স্কুলছাত্র আশরাফ সিদ্দিকি আবিরের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।
 
প্রায় ৭ ঘণ্টা পর দমকল বাহিনীর ডুবুরি দল সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে। দুপুর ১২টার দিকে নিখোঁজ হয় সে। আবির উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলস হাই স্কুলের নবম শ্রেণির ছাত্র এবং কুঁজিপুকুর গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে।
 
নদীর পানিতে নিখোঁজ হওয়া আবিরের বন্ধু ও স্থানী সূত্রে জানা গেছে, উপজেলা পর্যায়ের বিজয়ফুল প্রতিযোগিতার কারণে সকাল সাড়ে ১০টায় স্কুল ছুটি হয়ে যায়। এই সুযোগে ১৬ বন্ধু এক সাথে উপজেলার গৌরপুরে পদ্মা নদী দেখতে যায়। তারা সকলেই ৯ম শ্রেণির ছাত্র। সেখানে তারা নদীর পানিতে হাঁটু পর্যন্ত পা ভিজিয়ে মোবাইল ফেনে সেলফি তুলছিল। এমন সময় সায়েম ও তানজিল নামে ২ বন্ধু বেশি পানিতে পড়ে ডুবে যেতে থাকে। তাদের তাকে উদ্ধার করতে যায় আবির। অন্যান্যদের সহযোগিতায় সায়েম ও তানজিল বেঁচে গেলেও নদীর পানিতে তলিয়ে যায় আবির।
 
খবর পেয়ে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম কালাম আজাদ,  উপজেলা চেয়ারম্যান হারুনর রশিদ পাপ্পু, উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি ও থানার ওসি নজরুল ইসলাম জুয়েলসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ, নর্থবেঙ্গল সুগার মিলের কর্মকর্তরা, সসুলের শিক্ষক ছাত্র-ছাত্রীর সেখানে ছুটে যান। লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, আবিরের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
 
ইত্তেফাক/আরকেজি