স্কুলে পচা খাবার বিক্রির প্রতিবাদ করায় শিক্ষককে মারধর

স্কুলে মেয়াদ উর্ত্তীণ, বাসি, পচা খাবার বিক্রির প্রতিবাদ করায় এক শিক্ষককে মারধর করা হয়েছে। গফরগাঁওয়ের ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মঙ্গলবার ঘটনাটি ঘটে। মারধরের ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তির দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
 
পাগলা থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডুবাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আব্দুল আলিমের দোকানে দীর্ঘদিন ধরে মেয়াদ উর্ত্তীণ, বাসি, পচা শিশু খাদ্য বিক্রি করা হচ্ছিল। এ সকল খাদ্য খেয়ে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা প্রায়ই নানা রোগ আক্রান্ত হচ্ছিল।
 
মঙ্গলবার দুপুরে টিফিন পিরিয়ডে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই দোকান থেকে খাবার কিনতে যায়। এ সময় শিক্ষক শামীম আহমেদ দোকানীকে পচা-বাসি খাদ্য বিক্রি করতে নিষেধ করেন।
 
এক পর্যায়ে শিক্ষকের সাথে দোকানীর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে দোকানীর সহযোগী তফাজ্জল হোসেনের নেতৃত্বে নামে একদল সন্ত্রাসী শিক্ষক শামীম আহম্মেদকে বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার অবস্থার অবনতি হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
 
ঘটনায় জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষর্থী, অভিভাবক ও এলাকাবাসী বুধবার দুপুরে বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপি মানববন্ধন চলাকালে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহজাহান শেখ, বিদ্যালয়ের প্রধানশিক্ষক নাজনীন সুলতানা, শিক্ষক শওকত আরা লিজা, মাহমুদা বেগম, শামছুন নাহার, অভিভাবক হেলেনা খাতুন প্রমুখ। পাগলা থানার ওসি মুখলেছুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে।
 
ইত্তেফাক/আরকেজি