লালমনিরহাটের পাটগ্রাম থেকে মঙ্গলবার সন্ধ্যায় অস্ত্র, গুলি, বিস্ফোরক, জঙ্গিবাদী বই, লিফলেটসহ ২ জেএমবি সদস্যকে আটক করেছে র্যাব-১৩। আটককৃতদের তথ্যমতে রংপুর ও লালমনিরহাট জেলায় নাশকতার পরিকল্পনা ছিল।
র্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা রোড সংলগ্ন কাঠের দোকানে অভিযান চালিয়ে মির্জারকোর্ট এলাকার মজিবুর রহমানের ছেলে জেএমবির সক্রিয় সদস্য তমিজুল ইসলাম ওরফে তফিজুল (৩৯) ও কোটতলী রেলগেট এলাকায় অভিযান চালিয়ে জুম্মাপাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে সুন্নাহ ইসলাম সুন্নাকে (২১) গ্রেফতার করে র্যাব। এসময় তাদের কাছ থেকে জঙ্গিবাদী বই, লিফলেট উদ্ধার করা হয়।
অপরদিকে, জেলার কালীগঞ্জ উপজেলার ভোটমারী মুসরত মদাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণস্থ দোচালা টিন শেড ঘরে অভিযান চালিয়ে আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি)- এর আঞ্চলিক সমন্বয়কারী ভোটমারী আদর্শপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী ওরফে লাল (৩৮), কেন্দ্রীয় সূরা সদস্য আব্দুল জলিলের ছেলে আসমত আলী লাল্টু (২৭), সামরিক শাখার সক্রিয় সদস্য একই উপজেলার চরবাড়ী গ্রামের মুনছার আলীর ছেলে সাফিউল ইসলাম সাদ্দাম (২৪), ও ভোটমারী আদর্শপাড়া, বটতলী এলাকার জাহাঙ্গীর আলমের আবু নাঈম মিস্টার (১৯), মনিরাবাদ এলাকার সিরাজুল ইসলামের ছেলে আলী হোসেনকে (২৫) আটক করে র্যাব। এসময় তাদের কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড পিস্তলের গুলি, বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির উপকরণ, জঙ্গিবাদী বই এবং লিফলেট উদ্ধার করা হয়।
রংপুর র্যাব ১৩- এর উপ-পরিচালক মেজর আরমিন রাব্বী জানান, আটককৃত জঙ্গিদের রংপুর ও লালমনিরহাটে নাশকতার পরিকল্পনা ছিল।
উল্লেখ্য পাটগ্রাম উপজেলা থেকে এর আগে একাধিক অভিযান চালিয়ে জঙ্গি ও জেএমবি সদস্যকে গ্রেফতার করেছিল র্যাব-১৩।
ইত্তেফাক/আরকেজি