চাঁপাইনবাবগঞ্জ সদর থানার বিস্ফোরক মামলার ৫ আসামির ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এছাড়া আসামিদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন আদালত। মঙ্গলবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার আসামি পক্ষ ও রাষ্ট্র পক্ষের আইনজীবীদের উপস্থিতিতে এ রায় পড়ে শোনান।
রায় ঘোষণা উপলক্ষে ৫ আসামির মধ্যে ৪ জনকে আদালতে হাজির করা হয়। অপর আসামি এখনো পলাতক।
সাজাপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর থানার চাঁদলাই গ্রামের ইব্রাহিম বিশ্বাসের ছেলে কামাল উদ্দিন (৫০) ও বেলাল উদ্দিন (৫২), রেহাইচর গ্রামের মৃত আ. মান্নানের ছেলে আব্দুল খালেক (৪০), নয়নশুকা ফারাজীপাড়ার তাইফুর রহমানের ছেলে সোহেল (২৩) ও হেলালপুর টিকটিকি পাড়ার মোয়াজ্জেমের ছেলে আনোয়ার (২৫)। দণ্ডিতদের মধ্যে সোহেল এখনো পলাতক।
মামলার রায়ে উল্লেখ করা হয়, ২০১৩ সালের সারা দেশে বিরোধী দলের ডাকা ৯২ দিনের টানা অবরোধ চলাকালে প্রায় শতাধিক লোক নবাবগঞ্জ সদর থানার পিটিআই মহাসড়ক অবরোধ করে ককটেল এবং হাতবোমা নিক্ষেপ করে যানচলাচলে বাধা সৃষ্টি করে।
সে সময় পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়, পরবর্তীতে অভিযান চালিয়ে আসামিদের আটক করে এবং শিবগঞ্জ থানায় বিস্ফারক আইনে মামলা দায়ের করে। সাক্ষ্য প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় প্রদান করা হয়।
ইত্তেফাক/আরকেজি