উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চেয়ে এমপি জয়ের সমাবেশ

টাঙ্গাইল-৮ আসনের এমপি ও পানিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অনুপম শাহজাহান জয় বলেছেন, ‌‘বাংলাদেশ উন্নয়ন সোপানে এগিয়ে চলেছে। নিম্ন আয়ের সারি থেকে দেশ এখন নিম্ন-মধ্যবিত্তের কাতারে। এই সীমা অতিক্রমও অনতিদূর। এ দেশ এগিয়ে যাবে আরও অনেক দূর। ২০২১ সালে পূর্ণ ডিজিটাল বাংলাদেশ ও ২০৪১ সালে দরিদ্র্যমুক্ত উন্নত দেশ হবে।’
 
বুধবার বিকেলে সখীপুর পৌর শহরের মুখতার ফোয়ার চত্বরে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেনে, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও এগিয়ে চলার পাথেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দেশ গড়ার সংগ্রাম, রাজনৈতিক দর্শন এবং অর্থনৈতিক পরিকল্পনা-যা বাস্তবায়ন করে চলেছেন অন্যতম বিশ্বনেতা মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্ব ইতিহাসে যুক্ত করেছে এক অনন্য মাত্রায়। জলে, স্থলে ও আকাশ জয়ও করেছেন আজকের প্রধানমন্ত্রী।’
 
অনুপম শাহজাহান জয় বলেন, ‘বিভিন্ন উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী অনেক বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করেছেন। এদের মধ্যে একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, মেট্রো রেল, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষার মতো বিশ্বমানের প্রকল্প রয়েছে। এছাড়াও  জঙ্গি ও সন্ত্রাস দমন, মাদক নির্মূলে জিরো টলারেন্স গ্রহণ করেছেন।’
     
সমাবেশে সরকারের সাফল্য ও উন্নয়ন তুলে ধরে বিগত দশ বছরে তার এবং এ আসনের চার বারের এমপি তার প্রয়াত বাবা কৃষিবিদ শওকত মোমেন শাহজাহানের নানা উন্নয়ন কর্মকাণ্ড উপস্থাপন করেন।
 
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কেবিএম খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাহেরুল ইসলাম ইয়ারুম, যুগ্ম-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম কিবরিয়া বাদল, সুলতান শরীফ পান্না, বাসাইল পৌর সভার মেয়র আবদুর রহিম আহমেদ, কৃষক লীগ সভাপতি অধ্যক্ষ রহিজ উদ্দিন, যুবলীগ সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
 
ইত্তেফাক/বিএএফ