গফরগাঁওয়ে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

ময়মনসিংহের গফরগড়াঁওয়ে মাদক ব্যবসায়ীকে আটক করতে গিয়ে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের হামলার শিকার হয়েছে পুলিশ।  বুধবার দুপুরের এ ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।  তাদেরকে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
হামলায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ঘটনাস্থল থেকে দুই নারীসহ পাঁচজনকে আটক করেছে।  আহতরা হলেন গফরগাঁও থানার এএসআই মোশাররফ ও এএসআই সুখরঞ্জন।
 
গফরগাঁও থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর দুইটার দিকে গফরগাঁও পৌর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজনকে আটক করতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিয়ান চালায় গফরগাঁও থানার একদল পুলিশ।  সেখান থেকে সুজনকে মাদকসহ আটকও করা হয়।  পরে সুজনের সহযোগীরা গফরগাঁও থানার এএসআই মোশাররফ ও এএসআই সুখরঞ্জন উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
 
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আটক মাদক ব্যবসায়ীকে ছিনতাই ও পুলিশের উপর হামলার অভিযোগে ওই এলাকা থেকে মানিক মিয়া (৪০), রুবেল (২২), তুহিন মিয়া (২০) নাছিমা (৩০), দিলরুবাকে (২৫) আটক করে গফরগাঁও থানায় নিয়ে আসা হয়।  সুজন ষোলহাসিয়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকার জালাল উদ্দিনের ছেলে।
 
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, সুজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।  তার বিরুদ্ধে মাদক মামলায় দুটি মামলা রয়েছে।  তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/কেআই