১৪৪ ধারা অমান্য করে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা কেন্দ্রে বহিরাগত লোকদের অনাধিকার প্রবেশের ঘটনা ঘটেছে। এই পরীক্ষার প্রথমদিন বৃহস্পতিবার উপজেলার রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় জেএসসির বাংলা বিষয়ের পরীক্ষা চলাকালীন সময় ৪-৫জন বহিরাগত লোক অনাধিকার প্রবেশ করে। তারা বিভিন্ন কক্ষেও প্রবেশ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসার আগেই পরীক্ষা কেন্দ্র ত্যাগ করেন। এ ঘটনার গোপনে ধারণকৃত ভিডিও চিত্র প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট না থাকা সত্ত্বেও কারও প্রবেশ আইনত দণ্ডনীয় অপরাধ। কারণ মাইকিং করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করেছেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহাগ হাওলাদার বলেন, ‘বিষয়টি শুনে আমি পরীক্ষা কেন্দ্রে আসি। তার আগেই তারা ঘটনাস্থল ত্যাগ করেন। আমি ব্যবস্থা নেব।’
ইত্তেফাক/কেআই