আসন্ন নির্বাচনে বিএনপি পরাজিত হবেই:কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি পরাজিত হবেই। কারণ দেশের মানুষ স্বাধীনতা বিরোধী শক্তির সঙ্গে থাকতে পারে না। তারা মুক্তিযুদ্ধের পক্ষে, উন্নয়নের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই বিজয়ী করবে। গতকাল রবিবার দুপুরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি-জামায়াত আবার ক্ষমতায় এলে ২০০১ সালের চেয়েও ভয়ংকর রূপে আবির্ভূত হবে। নয়াপল্টনের তাদের দলীয় কার্যালয়ের সামনে মনোনয়ন ফরম বিতরণকালে বিএনপির নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালিয়ে, পুলিশকে আহত করে, পুলিশের গাড়িতে আগুন দিয়ে ও গাড়ির ওপর নৃত্য করে তারা তা দেখিয়ে দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশন (ইসি), প্রশাসন, পুলিশের বিরুদ্ধে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দিয়ে যাচ্ছে। তাদের মতলব হচ্ছে নির্বাচন কমিশন (ইসি), প্রশাসন ও পুলিশকে বিতর্কিত করে দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করা।

দলীয় মনোনয়নের চিঠি পাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে কিনা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, প্রয়োজনে পরিবর্তন আসতে পারে। সময় ও পরিস্থিতি ডিমান্ড করলে পরিবর্তন আসতে পারে। আজ সোমবার বিকেল সাড়ে তিনটায় আনুষ্ঠানিকভাবে মহাজোটের তিনশ’ আসনের দলীয় মনোনয়নের তালিকা প্রকাশ করা হবে।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন ও মারুফা আক্তার পপি উপস্থিত ছিলেন।