বেনাপোলে বিজিবি কর্তৃক বন্দর এলাকা থেকে আমদানি পণ্য বোঝাই ৩টি ট্রাক আটকের প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় কাস্টমস ও বিজিবির যৌথ বাশ কলের সামনে তারা এ বিক্ষোভ কর্মসূচি পালন করে।
এ সময় কাস্টমস কর্তৃপক্ষ তাদের বন্ডেড এরিয়ার মধ্যে থেকে বিজিবি কোন আমদানিকৃত পণ্য আটকের এখতিয়ার না থাকায় কাস্টমস কর্তৃপক্ষ বিজিবির আটক ৩টি পণ্য বোঝাই ট্রাক তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।
বেনাপোল কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাশেদ উর রহমান জানান, কাস্টমস এ্যাক্ট ১৯৬৯ এর ধারা ৯ এবং ১০ হলো বন্ডেড এরিয়া। এই এরিয়াতে যথোপযুক্ত অফিসার সরকারি কোন কর্মকাণ্ড প্রক্রিয়াধীন থাকলে সেকশন ৬ এর সাবসেকশন ২ অনুযায়ী কোন সংস্থা হস্তক্ষেপ করতে পারবে না। যেখানে আমাদের কার্যক্রম শেষই হয়নি সেখানে বিজিবি সদস্যরা সম্পূর্ণ আইন লঙ্ঘন করে বন্ডেড এরিয়া থেকে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক জোর করে নিয়ে যাওয়া সম্পূর্ণ আইন বহির্ভূত কাজ।
আটক পণ্যের সিএন্ডএফ এজেন্ট মেসার্স সামাদ এন্টারপ্রাইজের মালিক আব্দুস সামাদ জানান, তার ছাড়কৃত পণ্যের যথাযথভাবে সরকারি রাজস্ব পরিশোধ করা হয়েছে। তাছাড়া কাস্টমসে সকল ডকুমেন্ট সাবমিট করে নিয়ম মাফিক মালামাল ছাড় নেওয়া হয়েছে।
এ ব্যাপারে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা বলেন, বিজিবি আইন লঙ্ঘন করে বন্ডেড এলাকা থেকে আমদানি পণ্য আটকের চেষ্টা করলে ব্যবসায়ীরা বাধা দিয়েছে। পণ্য বোঝাই গাড়ি তিনটি কাস্টমস হেফাজতে রয়েছে। রোববার কমিশনার স্টেশনে আসলে সিদ্ধান্ত দিবেন।
এ ব্যাপারে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, বন্ডেড এলাকা থেকে আমরা কোন পণ্য আটক করতে যায়নি। আমদানি পণ্যের সাথে ঘোষণা বহির্ভূত মালামাল আছে এ ধরনের সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বাশকলের পরে পণ্যবাহী ট্রাকগুলি আটক করতে গেলে কাস্টমসের লোকজন বাধা দেয়। পরে কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে যৌথভাবে পণ্যগুলো পুনরায় পরীক্ষা করা হবে।
ইত্তেফাক/বিএএফ