রাজশাহী-টুঙ্গিপাড়া ট্রেনের প্রথম যাত্রীদের রাসিক মেয়রের শুভেচ্ছা

রাজশাহী-গোপালগঞ্জের টুঙ্গিপাড়া (গোবরা) রুটের ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনের প্রথম যাত্রার যাত্রীদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এ সময় রাজশাহী থেকে ট্রেনটির প্রথম যাত্রার শুভ উদ্বোধন করেন তিনি।
 
জানা গেছে, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনটির উদ্বোধন করেন।
 
শুক্রবার সকাল ৬টা ৪৫ মিনিটে গোবরা রেলস্টেশন থেকে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে বিকেল ৩টায় রাজশাহী রেলস্টেশনে এসে পৌঁছায়। এ সময় স্টেশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের প্রথম যাত্রার যাত্রীদের ফুলেল শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করান রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরপর তিনি পুরো ট্রেনটি ঘুরে দেখেন। এরপর বিকেল সাড়ে ৩টায় রাজশাহী থেকে গোপালগঞ্জের গোবরাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রার শুভ উদ্বোধন করেন মেয়র লিটন।
 
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক মুজিবুর হক, প্রধান প্রকৌশলী রমজান আলী, সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং বর্তমান ২১ নং ওয়ার্ড কাউন্সিলর নিযাম-উল আযিম, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, জাতীয় শ্রমিক লীগ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক আব্দুস সোহেল, রেলওয়ে শ্রমিকলীগের সদর দপ্তর শাখার সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, রেলওয়ে শ্রমিকলীগের ওপেন লাইন শাখার সভাপতি জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আক্তার আলী প্রমুখ। 
 
ইত্তেফাক/বিএএফ