জনগণ তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তার সরকার অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যেন তাদের নেতৃত্ব খুঁজে নিতে পারে, সেটাই তাদের লক্ষ্য। কীভাবে সেই নেতৃত্ব খুঁজে নিতে পারে, তা এখন মূল বিষয়।
 
জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের দ্বিতীয় দিনে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সঙ্গে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে এ সংলাপ শুরু হয়।
 
এর আগে প্রধানমন্ত্রী ব্যাংকোয়েট হলে ঢুকলে বিকল্প ধারার বদরুদ্দোজা চৌধুরী, আবদুল মান্নান ও শমসের মবিন চৌধুরী তাকে ফুল দিয়ে স্বাগত জানান।  
 
সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী যুক্তফ্রন্টের নেতাদের উদ্দেশ্যে বলেন, গণভবন জনগণের ভবন। আপনারা এখানে এসেছেন, এ জন্য ধন্যবাদ।
 
তিনি আরো বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। দেশের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক, সেটাই আমরা চাই।
 
সংলাপে বি চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের ১৪ সদস্যের প্রতিনিধিদল অংশ নেওয়ার কথা থাকলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করে গণভবনে গিয়েছেন ২১ নেতা। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংলাপে ২৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। 
 
এর আগে গতকাল বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে শেখ হাসিনার নেতৃত্বাধীন ১৪ দলের দলের সাড়ে তিন ঘণ্টারও বেশি সংলাপ হয়। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এ সংলাপ হচ্ছে।
 
ইত্তেফাক/জেডএইচ