সরকারি পরিষেবা এখন জনগণের দোরগোড়ায়

বাংলাদশের সর্বপ্রথম এবং সর্ববৃহৎ অনলাইন সার্ভিস মার্কেটে প্লেস সেবা এক্সওয়াইজেড এবং এক্সেস টু ইনফরমেশন (এটুআই) এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার সমঝোতা স্মারক স্বাক্ষর ও উদ্বোধনী অনুষ্ঠান হয়। এই চুক্তির ফলে এখন থেকে বাংলাদেশে প্রথমবারের মতো  প্রয়োজনীয় সরকারি সেবাগুলো ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোর মাধ্যমে সেবা এক্সওয়াইজেড প্ল্যাটফর্মে পাওয়া যাবে।

প্রায় ১৫০টিরও বেশি সরকারি পরিষেবা যেমন পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, জন্ম-নিবন্ধন ইত্যাদি বিভিন্ন ধরনের সেবা জনসাধারণের  দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেবা এক্সওয়াইজেড এবং এক্সেস টু ইনফরমেশন (এটুআই) একসাথে কাজ করছে। বর্তমানে ঢাকা শহরের নির্বাচিত এবং শিক্ষিত ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্যোক্তদের নিয়ে কার্যক্রমটি পরিচালিত হচ্ছে।

প্রায় ১০ হাজার উদ্যোক্তাদের কর্মক্ষেত্রে নতুন দ্বার উন্মুক্ত করতে এই বছরের জুন মাস নাগাদ সকল বিভাগীয় পর্যায়ে এবং বছরের  শেষ নাগাদ পুরো দেশব্যাপী সকল ডিজিটাল সেন্টারগুলোকে সেবা এক্সওয়াইজেড তাদের ডিজিটাল প্ল্যাটফর্মের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে কাজ করছে। এই ডিজিটাল সেন্টারগুলো দেশের বিভিন্ন ইউনিয়নের জনগণকে সরকারী পরিষেবা প্রদানের প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে।

আরো পড়ুন: নুসরাত হত্যায় পাহারার দায়িত্বে থাকা শাকিল গ্রেফতার

এই উদ্যোগের মাধ্যমে সরকারী সেবাগুলোর পাশাপাশি সেবা এক্সওয়াইজেড এর অন্যান্য সার্ভিসগুলো, যেমন- অ্যাপ্লায়েন্স মেরামত, ইলেট্রিশিয়ান, রেন্ট-এ-কার ইত্যাদি সার্ভিসও জাতীয় হেল্পলাইন নম্বর, ৩৩৩- তে কল করে পাওয়া যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআই-এর প্রকল্প পরিচালক মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, এটি খুবই চমৎকার এক উদ্যোগ। সরকারী সেবাসমূহ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার এই অসাধারণ উদ্যোগ শুধু বাংলাদেশ না, বিশ্বের অনেক দেশের জন্যেই মডেল হিসেবে কাজ করবে।

সেবা এক্সওয়াইজেড এর প্রধান পরিচালন কর্মকর্তা ইলমুল হক সজীব বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, দেশের প্রতিটি মানুষ যেন তাদের প্রয়োজনীয় সরকারী সেবাসমূহ নির্ঝঞ্জাটে পেতে পারে তা নিশ্চিত করা।

ইত্তেফাক/বিএএফ