চীনে বাস চালক ও নারী যাত্রীর মুষ্টিযুদ্ধে ভয়াবহ এক বাস দুর্ঘটনা ঘটেছে। বাসটি একটি সেতু থেকে ৫০ মিটার নিচে একটি নদীতে পড়ে যায়। এতে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন বলে গতকাল শুক্রবার দেশটির পুলিশ জানায়।
দেশটির পুলিশ জানায়, চংকিং শহরের অবস্থিত চীনের একটি দীর্ঘতম নদী ইয়াংজিতে বাসটি পড়ে যায়। ইতিমধ্যে ওই নদী থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাসের দুইজন যাত্রীর এখনো খোঁজ পাওয়া যায়নি।
ঘটনার বিস্তারিত সম্পর্কে পুলিশ জানায়, ৪৮ বছর বয়সী লিউ নামের এক নারী যাত্রী একটি বাস স্টপেজে নামতে চায়। কিন্তু ৪২ বছর বয়সী ওই বাসের চালক র্যান তাকে ওই বাস স্টপেজের আগেই নামতে বলে। কিন্তু লিউ নামেনি।
এর কিছুক্ষণ পর লিউ যখন বুঝতে পারে সে তার নির্ধারিত বাস স্টপেজ ছেড়ে চলে এসেছে তখন বাস চালককে বাস থামাতে বলে। কিন্তু বাসচালক সেই মুহূর্তে বাস থামায়নি। এতে বাস চালক ও ওই নারী তর্কে জড়ায়। তর্ক করতে করতে শুরু হয় হাতাহাতি। এতে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। সেতু থেকে ৫০ মিটার নিচে নদীতে পড়ে যায় বাস।
গত বুধবার বাসটি উদ্ধার করেছে উদ্ধার কর্মীরা। বাসটিতে মোট যাত্রী ছিলেন ১৫ জন। তথ্য সূত্র: দ্য গার্ডিয়ান/ ফার্স্ট পোষ্ট/ সিএনএন।
ইত্তেফাক/এসআর