পাকিস্তানে ইসলামের নবী হযরত মুহম্মদ (স.) কে নিয়ে কটুক্তির অভিযোগে চলা ব্লাসফেমি মামলার আসামি বিবি আসিয়াকে সুপ্রিম কোর্ট খালাস দেয়ার প্রতিবাদে চলা বিক্ষোভ স্থগিত ঘোষণা করা হয়েছে। শনিবার ইমরান খানের সরকারের সঙ্গে চুক্তির পর বিক্ষোভ স্থগিত করে উগ্রবাদীরা। খবর ডননিউজ ও এনডিটিভির।
চুক্তি অনুযায়ী খালাসপ্রাপ্ত আসামি আসিয়াকে দেশত্যাগে অনুমতি দেবে না পাক সরকার। সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে। এবং বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা ব্যক্তিদের মুক্তি দেবে কর্তৃপক্ষ।
২০১০ সালে প্রতিবেশীদের সঙ্গে তর্কাতর্কির এক পর্যায়ে হযরত মুহম্মদ (স.)কে অবমাননা করার অভিযোগ ওঠে খ্রিস্টান নারী আসিয়ার বিরুদ্ধে। বালতিতে থাকা পানি গ্লাসে করে খাওয়ায় গ্লাসটি অপবিত্র হয়ে পড়ে বলে দাবি করেছিল প্রতিবেশী নারীরা। এরপরই তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছিলেন আসিয়া। তবে নিম্ন আদালতে আসিয়ার দাবি টেকেনি; বিচারে তার মৃত্যুদণ্ড হয়, যার পরে হাইকোর্টেও বহাল থাকে।
ঐতিহাসিক রায়ে বুধবার আসিয়ার আপিল আবেদন গ্রহণ করে তাকে খালাস দেয় সুপ্রিম কোর্ট। এরপরই বিক্ষোভ শুরু করে জনজীবন অচল করে দেয় কট্টরপন্থি ধর্মীয় সংগঠনগুলো, যার সমালোচনা এসেছে চলতি বছরই প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের কাছ থেকেও।
এরপরও বিক্ষোভ থামেনি। পরে সরকার ও টিএলপির মধ্যে সমঝোতার পরই অবস্থার উন্নতি ঘটে, বলছে স্থানীয় গণমাধ্যম।
ইত্তেফাক/টিএস