নওগাঁ শহরের একটি স্বর্ণের দোকানে অভিনব কায়দায় এক দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের হোটেলপট্টি ঠাকুর ম্যানসন মার্কেটের ‘রুমি জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।
শনিবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার ইকবাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতার, সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই ঘটনাস্থল পরিদর্শন করেন।
জানা গেছে, বুধবার রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সদস্য হায়দার জুয়েলার্স এর মালিক তোফাজ্জল হোসেন শফি মারা যান। এ ঘটনায় সমিতির পক্ষ থেকে বৃহস্পতিবার হোটেলপট্টির সকল স্বর্ণের দোকান বন্ধ ছিল। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে দোকান মালিক তৌফিকুর রহমান এসে দোকান খোলেন। এরপর দেখেন দোকান ঘরে রাখা দুটি সিন্দুক ভাঙ্গা এবং কোন স্বর্ণ নাই। পাশের দোকান ‘আঁখি ইলেকট্রনিক্স’ এর দেয়াল ভাঙা দেখতে পান। পাশাপাশি দুটি দোকান রুমি জুয়েলার্স এবং আঁখি ইলেকট্রনিক্স।
রুমি জুয়েলার্সে থাকা সিসি টিভি ক্যামেরা থেকে দেখা যায় এক চোর শুক্রবার বিকেল ৪টা কয়েক মিনিটে প্রবেশ করে। তারপর থেকেই সিসি টিভি ক্যামেরাটি বন্ধ রয়েছে। চোরকে দোকানে প্রবেশের দৃশ্যই দেখা যায়। তবে তার চেহারা অস্পষ্ট।
এদিকে ইলেকট্রনিক্সের ওই দোকান মালিক বৃহস্পতিবার রাত ১০ টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। তিনি শনিবার সকালে এসে তার দোকানে লাগানো তালা খোলার চেষ্টা করেন এবং অপরিচিত তালা লাগানো দেখতে পান। চোর ওই দোকানের তালা ভেঙে স্বর্ণের দোকানে প্রবেশ করে। পরে চুরির কাজ শেষ করে চোর তার নিজস্ব তালা লাগিয়ে দিয়ে যায়।
রুমি জুয়েলার্সের মালিক তৌফিকুর রহমান বলেন, দোকানের ৪টি সিন্দুকের মধ্যে দুটি সিন্দুক ভেঙ্গে সবগুলো মালামাল নিয়ে গেছে। অনুমানিক ৩শ’ থেকে ৪শ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে ধারনা করছেন।
নওগাঁ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল লিমন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজশাহী থেকে একটা টিম এসে ফিঙ্গার প্রিন্ট করবে। এরপর পদক্ষেপ গ্রহণ করা হবে।
নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, তদন্তের কারণে আমরা বিস্তারিত কিছু বলতে চাই না।
ইত্তেফাক/বিএএফ