সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডির মাধ্যমে চলমান জেএসসি পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র বিক্রির অভিযোগে মো. শরিফুল ইসলাম নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে নীলফামারীর ডোমার পৌরসভার কাজিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শরিফুল ইসলাম ওই এলাকার আব্দুল আজিজের ছেলে ও ডোমার সরকারি কলেজের বাংলা বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তার বিরুদ্ধে সদ্য পাশ হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়েছে। যা এ আইনে সারাদেশের মধ্যে তৃতীয় ও ডোমার থানার প্রথম মামলা।
ডোমার থানার পুলিশ উপ-পরিদর্শক গোলাম মোস্তফা জানান, দীর্ঘদিন হতে গ্রেফতারকৃত শরিফুল ‘রোমান খান’ নামে একটি ফেইক আইডি খুলে ফেসবুকে টাকার বিনিময়ে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র বিক্রি করার বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। সে ‘শিবু আহমেদ’ নামে আরেকটি ফেক আইডি হতে সেই প্রশ্নপত্র সংগ্রহ করে। সারাদেশে প্রশ্নপত্র ফাঁস চক্রের সাথে সে জড়িত আছে কিনা সে বিষয়ে অধিক জিজ্ঞাসাবাদের পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
শরিফুল ইসলামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের (মামলা নং-২) করা হয়েছে। শনিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/বিএএফ