মদনে রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের বরফ কলের শ্রমিক রাব্বি হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার রাতে নিহতের মা নাজমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মদন থানায় মামলাটি দায়ের করেন।
 
এ মামলায় বরফ কলের অপর শ্রমিক মোশাররফ হোসেনকে সন্দেহ হলে শনিবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেপ্তার করা হয়। পরে রোববার তাকে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনার আদালতে প্রেরণ করা হয়।
 
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নূরুল আমিন জানান, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে মোশাররফকে গ্রেপ্তার করে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।’
 
ইত্তেফাক/বিএএফ