কুমিল্লায় ছেলের লাঠির আঘাতে নিহত হয়েছেন বৃদ্ধ বাবা। রবিবার জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছেলে মাদকাসক্ত বলে জানা গেছে। তাকে স্থানীয় এলাকার জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামের ফরহাদ হোসেন পারিবারিক বিরোধের জের ধরে রবিবার সকালে তার পিতা আবদুস সাত্তার ওরফে মাইনু মিয়ার (৬২) সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ফরহাদ তার বাবার মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মাইনু মিয়ার মৃত্যু হয়।
এলাকার লোকজন জানান, ফরহাদ হোসেন মাদকাসক্ত হয়ে পরিবারের সদস্যদের উপর দীর্ঘদিন ধরে অত্যাচার ও নির্যাতন করে আসছিল।
বিকালে চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) শুভ রঞ্জন চাকমা জানান, পারিবারিক বিরোধ নিয়ে কথা কাটাকাটির জেরে এ ঘটনা ঘটেছে। ছেলে ফরহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ