লালমনিরহাটে ১৯ মামলার আসামি গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে ১৯ মাদক মামলার আসামি শফিকুল ইসলাম শফুকে (৪৬) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব তেঁতুলতলা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক বিক্রেতাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
 
গুলিবিদ্ধ শফিকুল ইসলাম শফু উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
 
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাদল কুমার মণ্ডল জানান, কয়েকজন মাদকবিক্রেতা মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে দলগ্রাম ইউনিয়নে যাচ্ছে; এমন খবরের ভিত্তিতে রবিবার মধ্যরাতে কালভৈরব তেঁতুলতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মাদকবিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ গুলি চালায়। এতে শফিকুল ইসলাম শফুর দুই পায়ে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫০ বোতল ফেনসিডিল ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
 
এদিকে মাদক বিক্রেতাদের হামলায় আহত হন সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলমগীর বাদশা ও কনস্টেবল মোশারফ হোসেন। তাদের কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
 
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, মাদকবিক্রেতা শফিকুল ইসলাম শফুর বিরুদ্ধে ১৯টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।
 
ইত্তেফাক/বিএএফ