ময়মনসিংহের গফরগাঁওয়ে রতন মিয়া (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত রতনকে আসামি করে ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রবিবার রাতে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।
ওই শিক্ষার্থী স্থানীয় রৌহা প্রতিবন্ধী বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মামলার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে উপজেলার রৌহা গ্রামের ওই শিক্ষার্থীর মা তার প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে পার্শ্ববর্তী সবজি ক্ষেতে যান। এ সুযোগে প্রতিবেশী রতন মিয়া বাড়িতে এসে মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তার মা বাড়িতে ফিরে এলে কান্নাকাটি করে মায়ের কাছে বিষয়টি জানায় প্রতিবন্ধী মেয়েটি। ঘটনার রাতেই মামলা করার জন্য থানায় যাওয়ার পথে এলাকার প্রভাবশালীদের চাপে পরে প্রতিবন্ধী শিক্ষার্থীর পরিবার। বিষয়টি জানাজানি না করতে চাপ দেয় ধর্ষক ও তার লোকজন। পরে প্রতিবেশীরা স্থানীয় সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালীর কাছে বিচার চাইলে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/বিএএফ