বিয়ের ১৮ বছর পর শ্বশুরের হাতে যৌতুকের টাকা ফেরত দিয়ে ভারমুক্ত হয়েছেন এক জামাতা। রবিবার টাঙ্গাইলের গোপালপুর উপজেলার এ ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জানা গেছে, ২০০০ সালে উপজেলার হাদিরা ইউনিয়নের হাবিবপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুর রহিমের সঙ্গে নবগ্রাম দক্ষিণপাড়ার আব্দুল হালিমের মেয়ে লতা বেগমের বিয়ে হয়। বিয়ের ৩ বছর পর আব্দুর রহিম জানতে পারেন তার বাবা গোপনে চল্লিশ হাজার টাকা যৌতুক নিয়েছেন। তখন থেকেই অপরাধ চেতনায় ভুগতে থাকেন রহিম।
ঢাকায় একটি বেসরকারি সংস্থায় চাকরি নেন আব্দুর রহিম। সংসার চালানোর পর বেতন থেকে কিছু টাকা জমাতে থাকেন তিনি। অবশেষে রবিবার জমানো চল্লিশ হাজার টাকা নিয়ে শ্বশুরবাড়ি যান তিনি। বিয়ের সময় যারা বরযাত্রী ছিলেন ওইদিন তাদের সবাইকে শ্বশুর বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিলো। অতিথিরা আব্দুর রহিমের শ্বশুর বাড়িতে দুপুরে খাওয়ার পর তাদের সামনে যৌতুকের চল্লিশ হাজার টাকা শ্বশুরকে ফেরত দেন রহিম।
IMG0
আব্দুর রহিম জানান, বিশ বছর ধরে যে অপরাধবোধে ভুগছিলাম আজ তা থেকে মুক্ত হতে পেরে স্বস্তি পাচ্ছি এবং নিজেকে ভারমুক্ত মনে হচ্ছে।
শ্বশুর আব্দুল হালিম জানান, ১৮ বছর পরে হলেও জামাতার শুভবুদ্ধির উদয় হওয়ায় তিনি খুশি।
উল্লেখ্য, আব্দুর রহিম ও লতা দম্পতি চার সন্তানের জনক।
ইত্তেফাক/বিএএফ