পিরোজপুরের কাউখালীতে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বাইসাইকেল মার্কার সমর্থনে গতকাল সোমবার মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করে উপজেলা ছাত্রসমাজ (জেপি)’র নেতাকর্মীরা। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন মঞ্জুর সালাম নিন আর সাইকেল মার্কায় ভোট দিন স্লোগানে যেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রিম আমেজ নিয়ে আসে কাউখালীর বাসিন্দাদের মাঝে।
উপজেলা জাতীয় পার্টির (জেপি) কার্যালয় থেকে বের হয়ে মিছিলটি বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম নসু, যুব সংহতির সহ-সভাপতি শেখ লিটন, সাধারণ সম্পাদক নরুজ্জামান মনু, ছাত্র সমাজের আহ্বায়ক কাইয়ুম শেখ, ছাত্র সমাজের সদস্য সচিব শামীম হোসেন, যুগ্ম-আহ্বায়ক জয়দেব সমদ্দার, যুগ্ম-আহ্বায়ক আলী আজগর খান সুজন প্রমুখ।
বক্তারা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান এবং পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর হাতকে শক্তিশালী করতে ও কাউখালীসহ দক্ষিণাঞ্চলে যে উন্নয়নমূলক কাজ চলছে তা অব্যাহত রাখতে বাইসাইকেল মার্কার সমর্থনে তৃণমূল পর্যায়ে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
ইত্তেফাক/নূহু