মেহেরপুরের সদর উপজেলায় বন্দুকযুদ্ধে এনামুল হক এনা (৪২) নামে এক ‘শীর্ষ মাদকবিক্রেতা’ নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। সোমবার রাত আড়াইটার দিকে নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এনামুল হক ওই উপজেলার শ্যামপুর গ্রামের মৃত তোয়াজ আলীর ছেলে। আহত তিন ডিবি সদস্য হলেন- সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ইব্রাহিম, কনস্টেবল সোহাগ মিয়া ও মাসুদ হাসান।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি ওবায়দুর রহমান বলেন, একদল মাদকবিক্রেতা পাচারের জন্য ফেনসিডিল জড়ো করেছে, এমন সংবাদে সেখানে অভিযান চালানো হয়। ডিবির উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালায়। ডিবিও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাদকবিক্রেতারা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এনামুলকে উদ্ধার করা হয়। পরে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি জানান, এনামুল হক এনা এলাকার একজন শীর্ষ মাদকবিক্রেতা এবং তার নামে হত্যাসহ ৮টি মামলা রয়েছে। তার মরদেহ বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ইত্তেফাক/এএম