সরকারি চ্যানেল হয়ে সরকারের নামে করলো দুর্নাম! পাকিস্তানের সরকারি চ্যানেল পিটিভি বেইজিংকে 'বেগিং' (ভিক্ষা করা) বলে প্রচার করলো। তবে সেটা ভুলবশত বলে ইতিমধ্যে ক্ষমা চেয়েছে পাকিস্তানের রাষ্ট্রীয় চ্যানেলটি।
মূল ঘটনা, নতুন প্রধানমন্ত্রী ইমরান খান দেশের অর্থনীতি চাঙ্গা করতে সাহায্যের আবেদনে পাড়ি জমিয়েছেন চীনে। তারই পরিপ্রেক্ষিতে গত রবিবার চীনের রাজধানী বেইজিংয়ের সেন্ট্রাল পার্টি স্কুলে দিচ্ছিলেন ভাষণ। সেটি সরাসরি সম্প্রচার করছিল পিটিভি। কিন্তু ডেডলাইনে বিশাল ভুল। বেইজিংয়ের বদলে টিভি স্ক্রিনে বড় হরফে ইংরেজিতে লেখা বেগিং। সেটি স্থায়িত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। এরপর টিভি কর্মকর্তাদের নজরে পড়লে তা সরিয়ে নেয়।
ইতিমধ্যে ভাইরাল হয়েছে পিটিভির এই কাণ্ড। অনেকে বলেছেন, ভুল করে হলেও সত্যি টা বলেছে পিটিভি। আবার কেউবা লিখেছেন, সত্যি লিখার জন্য ধন্যবাদ। সত্য কখনো চাপা থাকে না।
এমন ভুলে পিটিভির পক্ষ থেকে ক্ষমা চাইলেও তা মেনে নিতে পারছে না পাক প্রশাসন। ইতিমধ্যে দেশটির তথ্য-সম্প্রচারমন্ত্রী ফাওয়াদ চৌধুরী পিটিভির এমন ভুলের তদন্তের নির্দেশ দিয়েছেন। তথ্য সূত্র: বিবিসি/ফার্স্ট পোস্ট/এনডিটিভি।
ইত্তেফাক/এসআর